রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আরোহী গুরুতর আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মধ্যরাতে এক বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় রূপগঞ্জ যুবদলের নেতা আনোয়ার হোসেন (৩৬) নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা মাহমুদ হাসান গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে এবং রূপগঞ্জ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। আহত মাহমুদ হাসান একই এলাকার সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মাহমুদ হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলো জব্দ করেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নজরুল ইসলাম বাদল,রূপগঞ্জ