আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের জন্য কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, ঝুঁকি থাকবে তাদের জন্য, যারা নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শেরেবাংলা নগর রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, “নির্বাচনে ঝুঁকি অবশ্যই থাকতে পারে। তবে আমি মনে করি, এই নির্বাচনে ঝুঁকি তাদের জন্য, যারা নির্বাচন বানচাল করতে চায়। যারা জাল ভোট দিতে যাবে, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করবে, ভোটকেন্দ্রে হামলা করবে বা ফলাফল মেনে না নিয়ে আইন অমান্য করবে ঝুঁকি তাদেরই নিতে হবে।”
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
-এমইউএম










