আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে বড় ধরণের রাজনৈতিক মেরুকরণ ঘটেছে। এই আসনের স্বতন্ত্র প্রার্থী ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান দোলন আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
সমর্থন ঘোষণার সময় আরিফুর রহমান দোলন বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট বিভক্ত না করে জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করাই এখন সময়ের দাবি। আমি নীতির প্রশ্নে কখনো আপস করিনি, করবও না। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বিজয়ী করতে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতেই আমি ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিচ্ছি।”
এ সময় তিনি নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, “যারা ইনসাফের কথা বলেন, তারাই অনেক সময় বে-ইনসাফি কাজ করেন। আমরা চাই একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ, যেখানে কোনো অপশক্তির স্থান থাকবে না।”
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “ফরিদপুর-১ আসনে দোলনের এই সমর্থন আমাদের বিজয়কে আরও সুনিশ্চিত করবে। আজকে দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং দোলনের এই সাহসী সিদ্ধান্ত ফরিদপুরের নির্বাচনী লড়াইয়ে নতুন প্রাণ সঞ্চার করেছে।”
ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “দোলনের এই সমর্থনে নির্বাচনী লড়াইয়ে আমরা আরও শক্তিশালী হলাম। এই আসনের মানুষ পরিবর্তন চায় এবং আমরা ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যেই কাজ করব।”
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দোলনের এই সমর্থনের ফলে ফরিদপুর-১ আসনে ধানের শীষের পাল্লা অনেক ভারি হলো, যা ভোটের লড়াইয়ে জয়-পরাজয়ের ক্ষেত্রে নির্ধারক ভূমিকা পালন করতে পারে।
-লামিয়া আক্তার










