১৮২ রান করেও জয় অধরা, ৫ উইকেটে জিতল নিউজিল্যান্ড

১৮২ রানের লড়াকু সংগ্রহ গড়েও জয় পায়নি আফগানিস্তান। শুরুতে দারুণ বোলিংয়ে চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করল নিউজিল্যান্ড।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। শুরুটা ভালো হয়নি দলটির। ওপেনার ইব্রাহিম জাদরান ১০ রানে আউট হন। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ করেন ২৭ রান।

তবে তৃতীয় উইকেটে গুলবাদিন নাইব ও সেদিকুল্লাহ আতালের ৭৯ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় আফগানিস্তান। আতাল ২৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন। এরপর ফিফটি পূর্ণ করলেও ৬৩ রানে থামেন গুলবাদিন নাইব। এছাড়া ডারউইস রসুলি ২০, আজমতউল্লাহ ওমরজাই ১৪ এবং মোহাম্মদ নবী ১০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান তোলে ১৮২ রান।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় তারা। ফিন অ্যালেন ১ এবং রাচিন রবীন্দ্র শূন্য রানে আউট হন।

এরপর গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন ওপেনার টিম সেইফার্ট। ফিলিপস ২৫ বলে ৪২ রান করেন। ফিফটির দেখা পান সেইফার্টও। ৪২ বলে ৬৫ রানের ইনিংসে সাতটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। এছাড়া মার্ক চ্যাপম্যান করেন ২৮ রান।

শেষদিকে ড্যারেল মিচেল ও মিচেল স্যান্টনার অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মিচেল ২৫ ও স্যান্টনার ১৭ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে ৫ উইকেট হাতে রেখে বিশ্বকাপের শুরুটা রাঙাল নিউজিল্যান্ড, আর লড়াই করেও প্রথম ম্যাচে হতাশ আফগানিস্তান।

-এমইউএম