নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার লাইব্রেরিসহ অন্তত ১০টি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় অবস্থিত মাদ্রাসায়ে নুরে মদীনা-য় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদ্রাসার নূরানী বিভাগের একটি বন্ধ কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো মাদ্রাসায়। এ সময় মাদ্রাসার বিভিন্ন কক্ষে থাকা শিক্ষার্থীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে মাদ্রাসার লাইব্রেরি, পাঠকক্ষসহ অন্তত ১০টি কক্ষ পুড়ে গেছে। এতে বিপুল পরিমাণ বই, টেবিল, চেয়ার, ফ্যানসহ আসবাবপত্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নজরুল ইসলাম বাদল,রূপগঞ্জ










