১২ তারিখের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় সিলযুক্ত ভোটার প্রচার: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সচেতন নাগরিকরা প্রশ্ন তুলেছেন নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় ১২ তারিখের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো রাজনৈতিক দলের সিল মারা ভোটার সংক্রান্ত ছবি বা প্রচার প্রকাশ করা কি আচরণবিধির আওতায় পড়ে না?

অভিযোগ রয়েছে, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ্যে নির্দিষ্ট দলের সিল বা প্রতীক যুক্ত ভোটার সম্পর্কিত কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে এ ধরনের প্রচারণা নিষিদ্ধ থাকার কথা।

একজন সচেতন নাগরিক বলেন, “আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখন থেকে যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে আচরণবিধির কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠে। আপনারাই চিন্তা করুন এভাবে নিয়ম ভঙ্গ কতটা দায়িত্বহীনতার পরিচয়।”

স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় নিয়ম ভঙ্গকারীরা আরও উৎসাহিত হচ্ছে। এতে করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সচেতন মহল দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

হামিদুল হক, নোয়াখালী