পাঁচবিবিতে সরকারি রাস্তার গাছ বিক্রির অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কচুর লতিহাটি মোড় থেকে পাটাবুকা আখড়া ঘাট পর্যন্ত সরকারি রাস্তার পাশে থাকা তিনটি গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে পশ্চিম বালিঘাটা গ্রামের বাসিন্দা এনামুল হক বাবুর বিরুদ্ধে। তিনি ওই গ্রামের মৃত এরফান আলী প্রামানিকের ছেলে।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে গাছগুলো কাটার সময় স্থানীয় লোকজন বাধা দিলে কর্তন কাজ বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে লাগানো বড় আকারের একটি কদম গাছ ও দুটি ইউক্যালিপটাস গাছ গোপনে এক ব্যক্তির কাছে ১২ হাজার টাকায় বিক্রি করা হয়। সকালে গাছ কাটার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আপত্তি জানান। পরে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা গাছগুলো জব্দ করেন।

পাটাবুকা গ্রামের বাসিন্দা নুর জাহিরুল ইসলাম জানান, তিনি ও মোখলেছার নামের আরেক ব্যক্তি ওই তিনটি গাছ রোপণ করেছিলেন। ভবিষ্যতে যদি রাস্তার চলাচলে সমস্যা সৃষ্টি হতো, তাহলে গাছ কেটে বিক্রি করে সেই টাকা স্থানীয় ঈদগাহ মাঠের কাজে ব্যয় করার সিদ্ধান্ত ছিল। কিন্তু সকালে দেখা যায়, এনামুল হক বাবু গাছগুলো তাদের সমিতির সম্পত্তি দাবি করে বিক্রি করেছেন।

অভিযোগের বিষয়ে সমিতির সদস্য এনামুল হক বাবু বলেন, আখড়া ঘাটের ব্রিজ নির্মাণকাজের কারণে রাস্তার পাশে সমস্যা সৃষ্টি হওয়ায় ঠিকাদারের অনুরোধে সমিতির রেজুলেশন অনুযায়ী গাছ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তিনি দাবি করেন, তিনি সমিতির সভাপতি নন, কেবল একজন সদস্য।

অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন বলেন, নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজের সঙ্গে সরকারি রাস্তার গাছের কোনো সম্পর্ক নেই। গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো অনুরোধও করা হয়নি।

উপজেলা বন কর্মকর্তা মহিউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে গাছগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জয়নাল আবেদীন জয় , জয়পুরহাট/