১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক শহীদ আসাদুজ্জামানের ৫৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুরে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবস উপলক্ষে সকালেই শিবপুরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ আসাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ আসাদের সহচর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবুল হারিস রিকাবদার, অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
স্মরণসভায় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ হন। তার আত্মত্যাগ স্বৈরশাসনের বিরুদ্ধে গণআন্দোলনে নতুন গতি সঞ্চার করে এবং পরবর্তীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতনের পথ সুগম করে।
বক্তারা আরও বলেন, শহীদ আসাদের আদর্শ, সাহস ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীল পরিবেশে সম্পন্ন হয়।
– আরিফুল আলম আশিক,শিবপুর(নরসিংদী)










