দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কার্ভাড ভ্যানের ধাক্কা, চালকের সহকারী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে কার্ভাড ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানটির চালক।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আল-আমিন (৪০)। তিনি সৈয়দপুর ওয়াপদা মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন কার্ভাড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে মহাসড়কের দিনাজপুরগামী লেনের পাশে মালবোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন ট্রাকচালক ও তার সহকারী। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনে আটকে পড়েন চালক ও তার সহকারী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালকের সহকারী আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত চালক আমিনুল ইসলাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর)