জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। পঞ্চগড়ের হাট-বাজার, পথঘাট থেকে শুরু করে চায়ের আড্ডা এখন আলাপের একমাত্র বিষয় ভোটযুদ্ধ। নির্বাচনের দিন যতই সামনে এগোচ্ছে, ততই বাড়ছে উত্তাপ। পঞ্চগড়ের দুটি আসনে এবার জমেছে নবীন ও প্রবীণের লড়াই।
দুটি আসনেই যারা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে তারা হলেন বিএনপি ও জামায়াত ও তাদের জোটের প্রার্থীরা। পঞ্চগড়-১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে তিনজনই নতুন। নতুনদের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী এনসিপি নেতা ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। তার সাথেই এবার ধানের শীষের প্রার্থী দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা।
পঞ্চগড়-২ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ৩ জন এবারই প্রথমবারের জন্য সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যারা এগিয়ে তার মধ্যে বিএনপির প্রার্থী ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া ফরহাদ হোসেন আজাদ ও এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতের প্রার্থী সফিউল আলম এগিয়ে রয়েছেন বলে জানান ভোটাররা। নতুন পুরাতনে এবার জমবে দুই আসনের ভোট। এরই মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী উঠোন বৈঠক, পথসভা করে বেশ মাঠ গুছিয়ে নিয়েছেন।
চলছে শেষ মুহর্তের প্রচার প্রচারণা। ঝাঝালো বক্তব্যে এক একজন প্রার্থী করছেন প্রতিপক্ষের সমালোচনা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবারের ভোট নিয়ে দারুন কৌতুহল তৈরি হয়েছে ভোটারদের মধ্যেও। শ্রমিক, মজুর থেকে শুরু করে সব শ্রেণির মানুষের আগ্রহ ফেব্রুয়ারি ভোটকে কেন্দ্র করে। তবে অতীতের ভোটের অভিজ্ঞতা ভালো নেই অনেকেরই।
জেলার দুটি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ ক্ষমতার পালাবদল হলেও মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। জেলার বেহাল স্বাস্থ্যসেবা, অনগ্রসর শিক্ষা ব্যবস্থা ও বেকারত্বের ডিপো তৈরি হওয়ার পাশাপাশি উন্নয়ন সুবিধা বঞ্চিত হয়ে এসেছে বরাবরই। জাতীয় বাজেটে ছিল না পঞ্চগড়ের তেমন কোনো ভাগ। তাই এবার বেশ হিসেব কষেই ভোট দেবেন বলে জানিয়েছেন ভোটাররা। অনেকের আগ্রহ নতুনদের ঘিরে।
পঞ্চগড়ের বোদা উপজেলার ইটভাটা শ্রমিক অন্তবালা বলেন, ক্ষমতার পালাবদল হলেও আমাদের ভাগ্যে তেমন কিছুই জোটেনি। অন্য কোনো কাজ না থাকায় কষ্টের এই পেশা বেছে নিতে বাধ্য হয়েছি আমরা। তাই এবার আমরা ভিন্ন কিছু ভাবছি। নতুনদের দেখা দরকার।
পঞ্চগড় সদর উপজেলার ভোটার সুমন ইসলাম বলেন, দেখুন মানুষ এখন পরিবর্তন চায়। আমরা প্রার্থীদের গদবাধা ইশতেহার আর দেখতে চাই না। তাদের ইশতেহারেও পরিবর্তন আনা দরকার। নতুন পুরাতন দেখে নয় আমরা এবার প্রার্থীদের যোগ্যতা তাদের পেছনের কর্মকাণ্ড ও যাকে আমরা ডাকলেই দোরগোড়ায় পাব এমন প্রার্থীকেই ভোট দেব।
-আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়










