সুরকার মো. শাহ নেওয়াজ আর নেই

প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক মো. শাহ নেওয়াজ মারা গেছেন। বাংলাদেশ সময় ৭ ফেব্রুয়ারি রাত ৩টা ৩৩ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

সামাজিক মাধ্যমে তার মৃত্যৃর খবরটি জানিয়েছেন গীতিকার কবির বকুল। তিনি লিখেছেন, ‘অসংখ্য কালজয়ী গানের সুরস্রষ্টা প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহ নেওয়াজ (৭৬) আর নেই। শনিবার মধ্য রাত ৩টা ৩৩ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

শাহ নেওয়াজের ছেলে স্বদেশ নেওয়াজ গণমাধ্যমকে জানান, গত বছরের ৭ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তার বাবাকে কানাডার মন্ট্রিয়লে রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এই সময় তাকে চারবার লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে মন্ট্রিয়লেই সমাহিত করা হবে।

বাংলা গানের ইতিহাসে উল্লেখযোগ্য গানগুলোর একটি ‘দুই ভুবনের, দুই বাসিন্দা বন্ধু চিরকাল/ রেললাইন বহে সমান্তরাল’। নজরুল ইসলাম বাবুর লেখা এই কালজয়ী গানের সুরকার ছিলেন মো. শাহ নেওয়াজ। গানটি গেয়েছিলেন মলয় কুমার গাঙ্গুলী ও দিলরুবা খান। দিলরুবা খানের কণ্ঠেই গানটি বিশেষ জনপ্রিয়তা পায়। ১৯৮৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘একদিন যখন’ নাটকে গানটি ব্যবহৃত হয়।

বিটিভির নাটকে ব্যবহৃত শাহ নেওয়াজের সুরে আরেকটি উল্লেখযোগ্য গান ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে/ তোমায় নিয়ে ঘর বাঁধিব গহিন বালুচরে’।

মো. শাহ নেওয়াজের সুরে আরও কিছু কালজয়ী গানের মধ্যে রয়েছে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া দুটি বিখ্যাত গান, ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সবকিছু ভুলে যেন করি লেনদেন, তুমিও তো বেশ আছ ভালোই আছ কবিতায় লেখা সেই বনলতা সেন’ এবং ‘এক ফোঁটা বিষ আজ আমার তিয়াস প্রিয়া মেটাবে’। এ দুটি গান লিখেছিলেন ওসমান শওকত।

শাহ নেওয়াজের সুরে শাহনাজ রহমতুল্লাহ গেয়েছিলেন ‘বন্ধু রে তোর মন পাইলাম না’,‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ সামাল করে রেখো আমার মাটির জায়নামাজ’।

মাহমুদ সালেহীন খান