মুসলমান হতে হলে জামায়াত করতে হবে না: টুকু

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মুসলমান হতে হলে জামায়াত করতে হবে না। প্রকৃত খাটি মুসলিম হতে হলে নামাজ, রোযা, হজ, জাকাতসহ আল্লাহর বিধান, আদেশ-নিষেধ মানতে হবে।

শনিবার রাত ৮টার দিকে তার নিজ মহল্লা হোসেনপুর বাগানবাড়ীতে নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

টুকু আরও বলেন, ‘আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, তোমরা ধর্মকে বিনিময় করো না। কিন্তু জামায়াত ধর্মের নামে জান্নাত বিক্রি করে বেড়াচ্ছে। তারা আল্লাহর আদেশ মানে না। জামায়াতের ধোকাবাজিতে কেউ পা দেবেন না।

তিনি বলেন, জামায়াতের জন্ম পাকিস্তানে। আর পাকিস্তান ইসলামী রাষ্ট্র। কিন্তু সেখানেও জামায়াত ভোট পায় না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘হোসেনপুর বাগানবাড়ী আমার গ্রাম। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার গ্রাম থেকে একটি ভোটও যেন অন্য কোনো প্রতীকে না যায়। গ্রামের প্রত্যেককে এ বিষয়ে কাজ করতে হবে এবং ভোটের দিনে ধানের শীষ প্রতীকে ভোট নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের অনেক ভালো মানুষ আছেন। যারা অন্যায় করেনি তারা ভোট দিতে পারবেন। যারা অন্যায় করেনি তাদের বিরুদ্ধে কোনো মামলা থাকলে বিষয়টি আমি দেখব।’

গণসংযোগকালে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও সাবেক যুবদল সভাপতি রাকিবুল হাসান রতনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-সাইমুন