কলম্বিয়ার তারকা ফুটবলার ও অধিনায়ক হামেস রদ্রিগেজ চলতি বছরের বিশ্বকাপের আগে কিছুটা বিপাকে ছিলেন। ক্লাববিহীন থাকার কারণে সমালোচনার মুখে পড়ছিলেন তিনি। বিশ্বকাপের আগে ম্যাচ খেলার প্রস্তুতি না নিলে চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনাও ছিল।
তবে শেষ মুহূর্তে তিনি মেজর লিগ সকারের (MLS) ক্লাব মিনেসোটা ইউনাইটেডে যোগ দেন। দলের সঙ্গে তার চুক্তি আগামী জুন পর্যন্ত, এবং চুক্তিতে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। চুক্তির আর্থিক বিষয়াদি প্রকাশ করা হয়নি।
৩৪ বছর বয়সী হামেস রদ্রিগেজ সংবাদ মাধ্যমে বলেছেন, “জীবনের এই নতুন অধ্যায়ের জন্য আমি খুশি। আশা করি নিজের সেরাটা মেলে ধরতে পারব, যাতে এই শহর এবং আমার ওপর বিশ্বাস রাখা প্রতিটি মানুষকে আনন্দ দিতে পারি। মিনেসোটার আবেগময় সমর্থকদের সঙ্গে দেখা করতে আর অপেক্ষা করতে পারছি না। আমি এমন একজন, যে মাঠে নেমে সবটুকু উজার করে দিতে চায় এবং সবসময় জিততে চায়।”
হামেসের ক্লাব ক্যারিয়ার শুরু হয় পোর্তো ও মোনাকো থেকে। ২০১৪ বিশ্বকাপে তিনি নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে গোল্ডেন বুট জিতেন। এরপর তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে, যেখানে প্রথমদিকে দুর্দান্ত পারফরম্যান্সের পর খেই হারান। এরপর দুই মৌসুম বায়ার্ন মিউনিখে খেললেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। ২০২০ সালে তিনি রিয়াল ছাড়েন এবং ইংল্যান্ডের এভারটনে যোগ দেন।
গত ছয় বছরে হামেস ছয়টি ভিন্ন ক্লাবে খেলেছেন। এভারটন, আল-রায়ান, অলিম্পিয়াকোস, সাও পাওলো, রায়ো ভায়েকানো এবং সর্বশেষ মেক্সিকোর ক্লাব লেওন, যেখানে ৩৪ ম্যাচে ৫টি গোল করেছেন। ক্লাব ক্যারিয়ার অস্থির ও অধরাবাহিক হলেও জাতীয় দলের হয়ে তিনি বেশ উজ্জ্বল। কলম্বিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১২২টি ম্যাচ খেলার এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩১টি গোল করার রেকর্ড তার।
সব ঠিকঠাক থাকলে আগামী বিশ্বকাপে হামেস রদ্রিগেজ নেতৃত্ব দিয়ে কলম্বিয়ার হয়ে মাঠে নামবেন।
-এমইউএম










