বন্যার রেশ কাটতে না কাটতেই নতুন ঝড়ের আশঙ্কা, স্পেন-পর্তুগালে নিহত ২

ছবিঃ সংগৃহীত

ভয়াবহ বন্যায় অন্তত দুইজনের মৃত্যু ও ১১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর আবারও নতুন ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও পর্তুগাল। আগের সপ্তাহে আঘাত হানা স্টর্ম লিওনার্দো–র ক্ষয়ক্ষতি কাটতে না কাটতেই নতুন করে স্টর্ম মার্তা এগিয়ে আসছে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।

শনিবার পর্তুগাল সরকার জানায়, আসন্ন ঝড় মোকাবিলায় দেশজুড়ে ২৬ হাজার ৫০০-এর বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। তীব্র আবহাওয়ার কারণে দেশটির তিনটি পৌরসভায় রোববারের নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করে আগামী সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের টানা ভারী বৃষ্টিতে স্পেন ও পর্তুগালের বহু এলাকা প্লাবিত হয়, সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয় এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়। পর্তুগালে পূর্বাভাসে ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও উত্তাল সাগরের আশঙ্কা জানানো হয়েছে। দেশটির উপকূলজুড়ে কমলা সতর্কতা জারি রয়েছে। স্পেনে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া ও উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশে ভারী বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া সংস্থা এএমইটি। কাস্তিয়া-লা-লিওন, গালিসিয়া, মুরসিয়া ও ভ্যালেন্সিয়া অঞ্চলও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বৃষ্টিপাত আগের তুলনায় কম হলেও মাটি ইতোমধ্যে অতিরিক্ত ভেজা থাকায় বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। আন্দালুসিয়ায় নতুন করে বৃষ্টির ফলে আগের বন্যা পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং সেখানে ১০ হাজারের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে। পর্তুগালের সিভিল প্রোটেকশন সংস্থার কর্মকর্তা মারিও সিলভেস্ত্রে পরিস্থিতিকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে বর্ণনা করেন। স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল মোরেনো জানান, নদীগুলো ইতোমধ্যে বিপৎসীমায় পৌঁছেছে এবং ঘণ্টায় ১১০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, “অত্যন্ত বিপজ্জনক আবহাওয়ার কারণে সামনে আরও কঠিন দিন অপেক্ষা করছে।” অন্যদিকে পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো জানান, সাম্প্রতিক ঝড়ে দেশটির ক্ষয়ক্ষতির পরিমাণ চার বিলিয়ন ইউরোর বেশি।

উল্লেখ্য, স্টর্ম লিওনার্দোর আগে পর্তুগাল স্টর্ম ক্রিস্টিন–এর আঘাতেও পাঁচজন নিহত ও ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। টানা নিম্নচাপের ফলে মাত্র তিন দিনে দেশটির বাঁধগুলো থেকে বার্ষিক ব্যবহারের সমপরিমাণ পানি ছাড়তে হয়েছে বলে জানিয়েছে পর্তুগিজ পরিবেশ কর্তৃপক্ষ।

-বেলাল হোসেন