কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মিশ্র ছিল। স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নামা দলটি পাওয়ার প্লেতে প্রত্যাশিত খেলাটা করতে পারেনি। শেষ পর্যন্ত শিমরন হেটমায়ারের ঝড় এবং শেরফানে রাদারফোর্ড ও রভম্যান পাওয়েলের সংযোজনী ইনিংসের ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে তারা।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শুরু করে শক্তিশালী চার মেরে। ব্র্যান্ডন কিং প্রথম ছয় ওভারে শাই হোপের সঙ্গে মিলে মাত্র ৩৩ রান তোলেন। পাওয়ার প্লের শেষ দুই ওভারে দলটি সংগ্রহ করে মাত্র ৬ রান।
সপ্তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ছন্দে ফেরেন কিং। এরপর টানা দুটি চার মেরে ওই ওভারে আসে ১৭ রান। নবম ওভারে শাই হোপকে থামান স্কটল্যান্ডের লিস্ক। ২২ বলে মাত্র ১৯ রান করে হোপ আউট হন। পরের ওভারে কিংও ফিরেন ৩০ বলে ৩৫ রান করার পর।
এরপর হেটমায়ার ও রভম্যান পাওয়েল ব্যাটিংয়ে এসে দলের রানের গতি বাড়ান। ১১, ১২ ও ১৩ ওভারে তাদের পাঁচটি ছক্কা ও দুটি চার আসে, ৪৯ রান যোগ হয়। শিমরন হেটমায়ার ২২ বলে ফিফটি পূর্ণ করেন।
১৭তম ওভারে তিনটি চার মেরে দলকে ছন্দে ফেরান হেটমায়ার ও রাদারফোর্ড। শেষের আগে ওভারের শেষ বলে হেটমায়ার থামেন ৩৬ বলে ৬৪ রান করে, ২ চার ও ৬ ছক্কা সহ। শেষ ওভারের প্রথম বলে রাদারফোর্ডের ইনিংস থেমে যায় ১৩ বলে ২৬ রানে। তবে রোমারিও শেফার্ড শেষের আগের বলে ছক্কা মেরে দলীয় স্কোর ১৮০ পার করেন।
-এমইউএম










