টানা দ্বিতীয় ম্যাচেও মাঠে নামলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে ক্লাবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি আল নাস্রের।
শুক্রবার রাতে আল-আওয়াল পার্কে সৌদি প্রো লিগের ম্যাচে আল ইত্তিহাদকে ২–০ গোলে হারায় স্বাগতিক আল নাস্র।
ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। এরপর যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল।
সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, জানুয়ারির দলবদলে প্রতিপক্ষ দলগুলো শক্তি বাড়ালেও আল নাস্রের নিষ্ক্রিয়তা রোনালদোর অসন্তুষ্টির কারণ। একই কারণে আগের ম্যাচেও মাঠে নামেননি তিনি। গত সপ্তাহে আল রিয়াদের বিপক্ষেও রোনালদোবিহীন আল নাস্র ১–০ ব্যবধানে জয় পেয়েছিল।
রিয়াদ ম্যাচের মতো এই ম্যাচেও স্কোয়াডে ছিলেন না পর্তুগিজ তারকা। তাকে ছাড়াই আক্রমণে দাপট দেখায় আল নাস্র। ম্যাচে তারা মোট ১৬টি শট নেয়, যার পাঁচটি লক্ষ্যে ছিল।
অন্যদিকে, লিগে টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর আবার হারল আল ইত্তিহাদ। কারিম বেনজেমা আল হিলালে যোগ দেওয়ার পর প্রথমবার মাঠে নেমে আক্রমণে তেমন প্রভাব ফেলতে পারেনি তারা। পুরো ম্যাচে আল ইত্তিহাদ মাত্র পাঁচটি শট নেয়, যার একটি লক্ষ্যে ছিল।
এই জয়ে লিগে টানা ছয় ম্যাচ জিতল আল নাস্র। এতে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে এক পয়েন্টে। ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাস্র। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।
গত মৌসুমের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলের সপ্তম স্থানে।
-এমইউএম










