সেলটিকের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছিলেন উইলফ্রাইড ন্যান্সি। কলাম্বাস ক্রুর সঙ্গে মেজর লিগ সকার মৌসুম শেষ করে গত ৪ ডিসেম্বর স্কটিশ চ্যাম্পিয়নদের দায়িত্ব নেন ৪৮ বছর বয়সি এই ফরাসি কোচ। তবে সম্পর্কটি টিকল মাত্র ৩৩ দিন— ক্লাব ইতিহাসে সবচেয়ে কম সময়ে ছাঁটাই হওয়া কোচের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন ন্যান্সি।
শনিবার রেঞ্জার্সের বিপক্ষে ৩-১ গোলের হারই হয়ে দাঁড়ায় ন্যান্সির বিদায়ের মূল কারণ। শেষ আট ম্যাচে এটি ছিল সেলটিকের ষষ্ঠ হার, যা বোর্ডের ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। ন্যান্সির আগে অন্তর্বর্তীকালীন কোচ মার্টিন ও’নেইলের অধীনে আট ম্যাচে সাতটি জয় পেয়েছিল সেলটিক।
কিন্তু ন্যান্সির দায়িত্ব নেওয়ার পর সেই ধারাবাহিকতায় নামে বড় ধস। সেলটিকের ইতিহাসে প্রথম কোচ হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচেই হেরেছেন। পাশাপাশি প্রিমিয়ার স্পোর্টস কাপ ফাইনালের দুই লেগেও পরাজয় বরণ করেন। এর ফলে ১৯৭৮ সালের পর প্রথমবার টানা চার ম্যাচে হারের লজ্জাজনক রেকর্ড গড়ে ক্লাবটি।
যদিও পরে অ্যাবারডিন ও লিভিংস্টোনের বিপক্ষে টানা দুটি লিগ ম্যাচে জয় পায় সেলটিক, তবে খুব দ্রুতই আবার বিপর্যয়ে পড়ে দলটি, যা ন্যান্সির বিদায় নিশ্চিত করে।
কোচ পরিবর্তনের পাশাপাশি ক্লাবের ফুটবল অপারেশন্সেও বড় রদবদল এনেছে সেলটিক। ফুটবল অপারেশন্সের প্রধান পল টিসডেলকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি ২০২৪ সালের অক্টোবর থেকে এই দায়িত্বে ছিলেন।
-এমইউএম










