বর্ণবাদী ভিডিও শেয়ার করে সমালোচনার মুখে ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে তৈরি একটি বর্ণবাদী ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প দাবি করেছেন, ভিডিওটির ওই আপত্তিকর অংশ তিনি দেখেননি।খবর বিবিসির।

৬২ সেকেন্ডের ভিডিওটি ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করেন। ভিডিওটির শেষ অংশে জনপ্রিয় গান দ্য লায়ন স্লিপস টুনাইট–এর সঙ্গে ওবামা দম্পতিকে বানরের রূপে দেখানো হয়। ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি পরে সরিয়ে নেওয়া হয়। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি কোনো ভুল করিনি।” ক্ষমা চাইবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ভিডিওটি পোস্ট হওয়ার আগে তিনি কেবল শুরুর অংশ দেখেছিলেন এবং জানতেন না যে তাতে ওবামাদের নিয়ে বর্ণবাদী চিত্র রয়েছে।

ট্রাম্প আরও বলেন, ভিডিওটি একজন স্টাফ সদস্য পোস্ট করেছিলেন। “আমি অনেক বিষয় দেখি। আংশিক দেখে বিষয়টি অন্যদের হাতে দিই, যারা সাধারণত পুরোটা যাচাই করে। তারা যদি পুরো ভিডিও দেখত, তাহলে সম্ভবত এটি নামিয়ে ফেলত,”-এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় তিনি এ মন্তব্য করেন। ভিডিওটি প্রকাশের পর রিপাবলিকান পার্টির ভেতর থেকেই সমালোচনা শুরু হয়। দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর টিম স্কট একে “এই হোয়াইট হাউস থেকে দেখা সবচেয়ে বর্ণবাদী বিষয়” বলে আখ্যা দেন। নিউইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি মাইক ললার ভিডিওটিকে “ভুল ও চরম আপত্তিকর” বলে মন্তব্য করে অবিলম্বে তা অপসারণ ও ক্ষমা চাওয়ার দাবি জানান।

প্রথমে হোয়াইট হাউস ভিডিওটিকে একটি “ইন্টারনেট মিম” বলে সমালোচনা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও, পরে এক কর্মকর্তা জানান, একজন স্টাফ সদস্য “ভুলবশত” ভিডিওটি পোস্ট করেছিলেন। মানবাধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল (এনএএসিপি) ভিডিওটিকে “ঘৃণ্য ও নিন্দনীয়” বলে অভিহিত করে। সংস্থাটির সভাপতি ডেরিক জনসন অভিযোগ করেন, এ ধরনের পোস্টের মাধ্যমে অন্য গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনদৃষ্টি সরানোর চেষ্টা করা হচ্ছে। ডেমোক্র্যাট নেতারাও কড়া প্রতিক্রিয়া জানান। ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জে বি প্রিটজকার ট্রাম্পকে “বর্ণবাদী” বলে মন্তব্য করেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, “প্রেসিডেন্টের এই আচরণ জঘন্য।” ভিডিওটিতে শুধু ওবামা দম্পতিই নন, আরও কয়েকজন ডেমোক্র্যাট নেতাকে পশুর রূপে উপস্থাপন করা হয়। এমনকি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকেও একটি দৃশ্যে বানর হিসেবে দেখানো হয়েছে। এ ঘটনায় এখনো বারাক ও মিশেল ওবামার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

-বেলাল হোসেন