গ্রিক পুরাণের সর্বাধিক আলোচিত ও ট্র্যাজিক চরিত্রগুলোর একটি ‘ইডিপাস’। নিয়তির অমোঘ পরিহাসে বাবা হত্যাকারী ও মায়ের স্বামী হয়ে ওঠা এই চরিত্র মানবজীবনের অসহায়তা, আত্মঅনুসন্ধান ও ভাগ্যের অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। গ্রিক নাট্যকার সফোক্লিসের কালজয়ী ট্র্যাজেডি ‘ইডিপাস রেক্স’ অবলম্বনে নির্মিত নাটকটি আবারও মঞ্চে আনতে যাচ্ছে দৃশ্যকাব্য নাট্যদল।
আগামী ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। গত বছরের নভেম্বর মাসে প্রথমবার নাটকটি মঞ্চস্থ হওয়ার পর দর্শক ও নাট্যবোদ্ধাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায় দৃশ্যকাব্য। সেই সাফল্যের ধারাবাহিকতায় নাটকটিকে নিয়মিত প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
ইডিপাস’ নাটকটি গ্রিক ট্র্যাজেডির মূল ভাব বজায় রেখেই বাংলা মঞ্চের উপযোগী করে উপস্থাপন করা হয়েছে। সৈয়দ আলী আহসানের অনুবাদে নাটকটি দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে, যা নাট্যসাহিত্যের ভাষাগত গভীরতা ও দর্শনকে আরও স্পষ্টভাবে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে। নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক হাবিব মাসুদ, যিনি এই প্রযোজনায় ট্র্যাজেডির আবহ, চরিত্রের মানসিক টানাপোড়েন এবং নিয়তির নিষ্ঠুরতাকে দৃশ্য ও অভিনয়ের মাধ্যমে শক্তভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।
নাটকের কেন্দ্রীয় চরিত্র ইডিপাসে অভিনয় করছেন এইচ এম মোতালেব। তাঁর অভিনয়ে চরিত্রটির আত্মবিশ্বাসী রাজা থেকে ভগ্নমানব হয়ে ওঠার যাত্রা দর্শকদের গভীরভাবে নাড়া দেয়। জোকাস্টা চরিত্রে অভিনয় করছেন ঝুমু মজুমদার। এ ছাড়া অভিনয়ে রয়েছেন আহাদ বিন মুর্তজা, নাইমুল ইসলাম সিয়াম, মো. মুন্না মোল্লা, আশিকুল ইসলাম, রিমন সাহা, উৎপল চন্দ্র বর্মন, কান্তা কামরুন, ওমর ফারুক খান ফাহিমসহ আরও অনেকে।
নাট্যবোদ্ধাদের মতে, ‘ইডিপাস’ কেবল একটি ট্র্যাজেডি নয়; এটি মানুষের জ্ঞান ও অজ্ঞতার সীমা, সত্য জানার ভয়াবহ পরিণতি এবং নিয়তির সামনে মানব ইচ্ছার অসহায়তার প্রতিচ্ছবি। আধুনিক সময়েও এই গল্প প্রাসঙ্গিক, কারণ মানুষ আজও নিজের পরিচয়, সিদ্ধান্ত ও পরিণতির মুখোমুখি দাঁড়িয়ে একই প্রশ্নের উত্তর খোঁজে।
মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা ও আবহসংগীত নাটকটির আবেগঘন পরিবেশকে আরও তীব্র করেছে। সব মিলিয়ে দৃশ্যকাব্য নাট্যদলের এই প্রযোজনা মঞ্চনাট্যপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই প্রত্যাশা। ট্র্যাজেডি, দর্শন ও মানবিক দ্বন্দ্বে ভরপুর ‘ইডিপাস’ আবারও প্রমাণ করবে—গ্রিক ক্লাসিক কখনোই সময়ের কাছে পুরোনো হয় না।
-বিথী রানী মণ্ডল










