ভাঙ্গায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে ইটভাটায় বিক্রি করার অপরাধে রোকন খাঁ (৪৭) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সোনামুখী গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম। দণ্ডপ্রাপ্ত রোকন খাঁ ওই গ্রামের ফজলে খাঁর ছেলে।

অভিযানের বিবরণ
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোকন খাঁ সোনামুখী গ্রামে কৃষি জমির উপরিভাগ ভেকু মেশিন দিয়ে কেটে বাণিজ্যিকভাবে বিক্রি করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযুক্ত রোকন নিজের দোষ স্বীকার করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। এছাড়া ভবিষ্যতে আর মাটি কেটে বিক্রি করবেন না—এই শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

প্রশাসনের বক্তব্য
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম বলেন, “কৃষি জমির টপসয়েল বা উপরিভাগ কাটা বন্ধ করতে এই অভিযান চালানো হয়েছে। পরিবেশ ও কৃষি রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Asraful