মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স শনিবার

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী শনিবার মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘যাকাতের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে এনজিও এবং করপোরেটের ভূমিকা কনফারেন্স’ অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্র জানায়, দারিদ্র্য দূরীকরণে যাকাতের কাক্সিক্ষত লক্ষ্য পুরোপুরি অর্জিত হচ্ছে না। যাকাতকে একটি কার্যকর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে এই কনফারেন্সে এনজিও এবং করপোরেট খাতের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কনফারেন্সের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক কার্যকর মডেল, যাকাত সংগ্রহ ও বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহিতা, প্রভাব মূল্যায়ন, এবং এনজিও ও করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যাকাত সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম।

এই কনফারেন্সে দেশবরেণ্য ইসলামিক স্কলার, সরকারি কর্মকর্তা, দেশ বিদেশের এনজিও প্রতিনিধি, উন্নয়ন বিশেষজ্ঞ, করপোরেট লিডার, শিক্ষাবিদ ও সমাজসেবীরা অংশগ্রহণ করবেন।

আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যাকাত শুধু একটি ইবাদত নয়; এটি দারিদ্র্য বিমোচন এবং সমাজ উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার। এই কনফারেন্সের মাধ্যমে আমরা এনজিও ও করপোরেট খাতের অংশগ্রহণ এবং সহযোগিতাকে উৎসাহিত করে একটি কার্যকর যাকাত ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই।

মাস্তুল ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি স্বনামধন্য ও সেবামূলক জাতীয় প্রতিষ্ঠান। এক দশকেরও বেশি সময় ধরে মাস্তুল ফাউন্ডেশন দেশের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। ২০১২ সাল থেকে মাস্তুল ফাউন্ডেশন দেশ ও ২০২৩ সাল থেকে দেশের বাহিরে মানবিক সেবার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, সরকারি নিবন্ধিত ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন অনুযায়ী, মাস্তুল ফাউন্ডেশনকে প্রদত্ত যেকোনো দান, যাকাত বা সাদাকা আয়করমুক্ত, যা দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে।

-সাইমুন