বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় সিং বাঙ্গা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খুশাব এলাকায় তার পৈতৃক গ্রাম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে অজয় বাঙ্গা তার স্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খাইবার পাখতুনখোয়ার খানপুরে অবস্থিত জৌলিয়ান বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেন। তিনি তার দাদার নির্মিত একটি গুরুদ্বারাও পরিদর্শন করেন।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মুজ্জামিল আসলাম এবং এমএনএ ফয়সাল আমিন গন্ডাপুর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনের সময় আসলাম বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে একটি স্মারক (শিল্ড) উপহার দেন এবং প্রদেশের অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন।
পৈতৃক গ্রাম পরিদর্শনের অনুভূতি জানিয়ে অজয় সিং জানান, আমি খুশাব এলাকায় অবস্থিত পৈতৃক গ্রাম পরিদর্শন করেছি। সেখানে মানুষের ভালোবাসা ও আন্তরিক আতিথেয়তায় গভীরভাবে আপ্লুত।
প্রসঙ্গত, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে ২০২৩ সালের জুনে দায়িত্ব গ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
-সাইমুন










