কোয়াবের সংবাদ সম্মেলন, শঙ্কায় বিপিএল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শুরু হওয়ার কথা আজ। তবে শুরুর আগেই বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে এবং বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে।

গতকাল টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিস্ফোরক মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। তিনি বলেন, “ক্রিকেটারদের পেছনে যে কোটি কোটি টাকা খরচ করা হয়, তার প্রতিদান তারা কী দিয়েছে? যদি কিছুই না করতে পারে, তাহলে ওই টাকা কি আমরা ফেরত চাই না?”

তিনি আরও দাবি করেন, ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তোলার অধিকার ক্রিকেটারদের নেই। তার ভাষায়, “একটা বৈশ্বিক কাপ আনতে পেরেছে? তাহলে আমরাও বলতে পারি, তোমাদের পেছনে যা খরচ করেছি, তা ফেরত নেব।”

ক্রিকেটারদের বয়কটের হুমকি

এম নাজমুল ইসলামের এসব মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করে কোয়াব। দাবি না মানা হলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণাও দেওয়া হয়। তবে এখনো এম নাজমুল ইসলাম পদত্যাগ করেননি।

এর সরাসরি প্রভাব পড়েছে মাঠে। ঢাকা পর্বের প্রথম ম্যাচে অংশ নেওয়ার কথা থাকা নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা মাঠে আসেননি। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে দলগুলোর মাঠে উপস্থিত থাকার কথা থাকলেও সংশ্লিষ্ট ক্রিকেটাররা তখনও হোটেলেই ছিলেন। ফলে ঢাকায় বিপিএলের প্রথম ম্যাচ শুরু হওয়া নিয়ে গুরুতর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জরুরি বৈঠকে ক্রিকেটাররা

এদিকে ছয় দলের ক্রিকেটাররা ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জড়ো হচ্ছেন। সেখানে বিপিএলে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেটারদের পক্ষ থেকে আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

-এমইউএম