নওবা বিদায় জানালেন শোবিজকে

হাল সময়ের মডেল-অভিনেত্রী নওবা তাহিয়া হোসাইন শোবিজকে বিদায় জানালেন। গতকাল রাতে নিজের ফেসবুক আইডির এক পোস্টে এ তথ্য জানান তিনি। তিনি ফেসবুক পোস্টে লিখেন,  চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়-তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি।

পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টা আমার কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে। তিনি আরও লিখেন, এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না। না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়ত সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না। সবশেষে তিনি উল্লেখ করেন, হৃদয়ের গভীর থেকে আমাকে এতদিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন- তার জন্য আমি কৃতজ্ঞ।

নওবা তাহিয়া হোসাইন বিটিভিতে ছোটবেলায় শিশুদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-এর উপস্থাপনা করতেন। আবৃত্তিও করতেন তিনি। বড় বেলায় এসে একই অনুষ্ঠানের ঘটনাক্রমে উপস্থাপনা করতে হয় তাকে। তার শৈল্পিক উপস্থাপনার কারণেই পরবর্তীতে বিটিভিরই সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’ তে অভিনয় করেন বর্ষা চরিত্রে। এরপর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয় করে প্রশংসিত হয়েছেন নওবা।

মাহমুদ সালেহীন খান