কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ২০২৬ সালে মূলধনী বিনিয়োগ প্রায় দ্বিগুণ করার পরিকল্পনার কথা জানিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। বুধবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরে তাদের মূলধনী ব্যয় হতে পারে ১৭৫ বিলিয়ন থেকে ১৮৫ বিলিয়ন ডলার, যা বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় অনেক বেশি।
২০২৫ সালে অ্যালফাবেট-এর মূলধনী ব্যয় ছিল প্রায় ৯১.৪৫ বিলিয়ন ডলার। অথচ বিশ্লেষকরা ধারণা করেছিলেন, ২০২৬ সালে এই ব্যয় গড়ে প্রায় ১১৫ বিলিয়ন ডলার হতে পারে। তবে AI অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় ব্যয় আরও বাড়ানো হচ্ছে বলে জানায় কোম্পানিটি।
অ্যালফাবেটএর প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বিশ্লেষকদের সঙ্গে কনফারেন্স কলে বলেন,
“আমাদের এআই বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন কোম্পানির সব খাতেই রাজস্ব ও প্রবৃদ্ধি বাড়াচ্ছে।”
এআই অবকাঠামোতেই মূল বিনিয়োগ
অ্যালফাবেট জানায়, এই বিপুল বিনিয়োগের বড় অংশ যাবে সার্ভার, ডেটা সেন্টার ও নেটওয়ার্কিং সরঞ্জাম বাড়ানোর পেছনে। বর্তমানে এআই কম্পিউটিং সক্ষমতায় সরবরাহ সংকট রয়েছে, যা পুরো বছরজুড়েই অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেন পিচাই।
গুগল ক্লাউডে রেকর্ড প্রবৃদ্ধি
২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে গুগল ক্লাউডের আয় ৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৭ বিলিয়ন ডলারে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। এই প্রবৃদ্ধির হার একই সময়ে মাইক্রোসফট অ্যাজুর-এর চেয়েও বেশি, যা গুগলকে অ্যামাজন ও মাইক্রোসফটের পাশে একটি “পূর্ণাঙ্গ হাইপারস্কেলার” হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ডি.এ. ডেভিডসনের বিশ্লেষক গিল লুরিয়া বলেন,
“ক্লাউড খাতের এই শক্তিশালী প্রবৃদ্ধিই অ্যালফাবেটের বিপুল মূলধনী বিনিয়োগ বৃদ্ধিকে যৌক্তিক করে তুলেছে।”
জেমিনি-এআই ও বিজ্ঞাপন ব্যবসায় সুফল
গত নভেম্বর চালু হওয়া জেমিনি থ্রি এআই মডেল গুগলের এআই সক্ষমতা নিয়ে বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। বর্তমানে গুগলের জেমিনি এআই অ্যাপের মাসিক ব্যবহারকারী ৭৫০ মিলিয়নের বেশি, যা নভেম্বরের তুলনায় প্রায় ১০ কোটি বেশি।
জেমিনি এর সহায়তায় গুগল বিজ্ঞাপন বিভাগ দীর্ঘ ও জটিল সার্চ কুয়েরিতেও কার্যকরভাবে বিজ্ঞাপন দেখাতে পারছে, যা আগে আয় করা কঠিন ছিল বলে জানান গুগলের প্রধান বাণিজ্য কর্মকর্তা ফিলিপ শিন্ডলার।
এদিকে, গুগলের এন্টারপ্রাইজ-গ্রেড জেমিনি মডেল ইতোমধ্যে ২,৮০০টি প্রতিষ্ঠানের কাছে ৮ মিলিয়ন পেইড সিট বিক্রি হয়েছে। সম্প্রতি অ্যাপলের সঙ্গে একটি বড় ক্লাউড চুক্তিও করেছে গুগল, যেখানে আইফোনের এআই সেবায় জেমিনি ব্যবহৃত হবে।
আয় ও মুনাফায় প্রত্যাশা ছাড়াল অ্যালফাবেট
ডিসেম্বর প্রান্তিকে অ্যালফাবেট এর মোট রাজস্ব দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার, যা বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৮২ ডলার, যেখানে প্রত্যাশা ছিল ২ দশমিক ৬৩ ডলার।
বিপুল ব্যয় বৃদ্ধির খবরে আফটার-আওয়ার্স লেনদেনে অ্যালফাবেট এর শেয়ারে কিছুটা অস্থিরতা দেখা দিলেও শেষ পর্যন্ত দরপতন সীমিত ছিল।
বিশ্লেষকদের মতে, এআই ও ক্লাউড খাতে বাস্তব আয় ও প্রবৃদ্ধি দেখাতে পারায় অ্যালফাবেট এখন আর “প্রমাণ দাও” পর্যায়ে নেই বরং তারা প্রমাণ দিয়েই এগোচ্ছে।
-সাবরিনা রিমি










