ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করলেই ধরা: একদিনে ৫২২০ যাত্রীকে বড় জরিমানা

বাংলাদেশ রেলওয়ের বিশেষ অভিযানে একদিনেই পাঁচ হাজার ২২০ জন টিকিটবিহীন যাত্রী ধরা পড়েছেন। দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে পরিচালিত এই বিশাল অভিযানে ভাড়াসহ মোট ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি সারাদেশে মোট ১৪৯টি ট্রেনে একযোগে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ২০৬ জন টিটিই (ট্রাভেলিং টিকিট এক্সামিনার) অংশগ্রহণ করেন। দিনভর চলা এই কার্যক্রমে ৩ হাজার ৭৭৫টি টিকিট নিবিড়ভাবে যাচাই করা হয়।

অভিযান চলাকালে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে ৫ হাজার ২২০ জন যাত্রীকে শনাক্ত করা হয়। রেলওয়ের আইন অনুযায়ী: যাত্রীদের কাছ থেকে সংগৃহীত ভাড়ার পরিমাণ: ৭ লাখ ৫৯ হাজার ৬১০ টাকা, আরোপিত জরিমানার পরিমাণ: ৩ লাখ ৯ হাজার ৫২৫ টাকা, সর্বমোট আদায়: ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের ছাদে ভ্রমণ এবং টিকিটবিহীন যাত্রা রোধে এই ধরনের বিশেষ চিরুনি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বিনা টিকিটে ভ্রমণ না করে টিকিট ক্রয় করে নিরাপদ ভ্রমণের জন্য যাত্রীদের প্রতি আবারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

শীতকালীন ভ্রমণ ও নির্বাচনের সময় মানুষের যাতায়াত বাড়ায় ট্রেনের শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

লামিয়া আক্তার