কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে ওপেনএআইয়ে বড় অঙ্কের বিনিয়োগের পথে এগোচ্ছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা গেছে, ওপেনএআইয়ের সর্বশেষ অর্থায়ন পর্বে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়ে চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এই তহবিল সংগ্রহ পর্বে সর্বোচ্চ ১০০ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা করছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ৮৩০ বিলিয়ন ডলার।
এআই খাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে দৌড়ে নেমেছে একাধিক বড় প্রযুক্তি ও বিনিয়োগ প্রতিষ্ঠান। এর মধ্যে অ্যামাজন এবং সফটব্যাংক গ্রুপ উল্লেখযোগ্য। বিশ্লেষকদের মতে, ওপেনএআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব ভবিষ্যতের এআই বাজারে বড় সুবিধা এনে দিতে পারে।
তবে সূত্রটি জানিয়েছে, এনভিডিয়া ও ওপেনএআইয়ের মধ্যকার এই বিনিয়োগ চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এর আগে ব্লুমবার্গ নিউজও এনভিডিয়ার সঙ্গে ওপেনএআইয়ের সম্ভাব্য চুক্তির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।
উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল জানায় গত বছরের সেপ্টেম্বরে ওপেনএআইয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ডেটা সেন্টার চিপ সরবরাহের একটি পরিকল্পনা অনিশ্চয়তায় পড়ে, কারণ চুক্তির শর্ত নিয়ে এনভিডিয়ার ভেতরে সংশয় তৈরি হয়। যদিও সেই চুক্তি কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা ছিল, বাস্তবে আলোচনা দীর্ঘায়িত হয় কয়েক মাস।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং অবশ্য দাবি অস্বীকার করে বলেছেন, ওপেনএআইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি অসন্তুষ্ট নন। বরং প্রতিষ্ঠানটি ওপেনএআইয়ে তাদের ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান। একই সঙ্গে ভবিষ্যতে ওপেনএআইয়ের পরবর্তী অর্থায়ন পর্ব ও সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রেও বিনিয়োগ বিবেচনায় রাখার ইঙ্গিত দেন তিনি।
এদিকে, রয়টার্সের আরেকটি প্রতিবেদনে বলা হয় ওপেনএআই এনভিডিয়ার সর্বশেষ কিছু এআই চিপ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় এবং বিকল্প প্রযুক্তির সন্ধান করছে। তবে এই প্রতিবেদনের পর ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, এনভিডিয়াই বিশ্বের সেরা এআই চিপ নির্মাতা এবং প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এনভিডিয়ার অন্যতম বড় গ্রাহক হয়ে থাকতে চায়।
বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ চুক্তি চূড়ান্ত হলে বৈশ্বিক এআই শিল্পে শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: রয়টার্স
বরিনা রিমি/










