সাংবাদিক ও লেখক পীর হাবিবুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী ৫ ফেব্রুয়ারি। মৃত্যু বার্ষিকীতে সুনামগঞ্জ শহরের পীর হাবিবুর রহমানের বাড়িতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতমসহ দোয়া এবং শহরের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
২০২২ সালের এই দিনে ৫৮ বছর বয়সে পীর হাবিবুর রহমান মারা যান। মৃত্যুর পর কয়েকটি জানাজা শেষে সুনামগঞ্জ জেলা শহরের মাইজবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়। প্রয়াত সাংবাদিক পীর হাবিবুর রহমানের বর্নাঢ্য সাংবাদিক জীবনে অনেক আলোচিত রিপোর্ট এবং কলাম দেশে সাড়া জাগিয়েছিল।
পত্রিকায় তার নিয়মিত কলাম দেশব্যাপী পাঠকের কাছে জনপ্রিয় ছিল। রাজনৈতিক কলামের পাশাপাশি উনার লেখা অনেকগুলো বই এবং উপন্যাস রয়েছে যা পাঠকের কাছে সমান জনপ্রিয় এবং তথ্যবহুল।
পীর হাবিবুর রহমান সর্বশেষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র নির্বাহী সম্পাদক ছিলেন। এর আগে তিনি দৈনিক যুগান্তর, দৈনিক বাংলাবাজার পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেন।
২০২১ সালের অক্টোবরে ভারতের মুম্বাই নগরীর জাসলোক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যান্সারমুক্ত হন পীর হাবিবুর রহমান। ২০২২ সালের ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
করোনামুক্ত হওয়ার পর কিডনি জটিলতার কারণে তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৮ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৮৪ সালে সাংবাদিকতায় পীর হাবিবের হাতেখড়ি।
১৯৮৬ সালে অনার্স ও ১৯৮৭ সালে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। ১৯৯২ সালে ‘বাংলাবাজার পত্রিকা’র সূচনা পর্ব থেকে তার পেশাদারি শুরু। তারপর দৈনিক ‘যুগান্তর’-এ সূচনা পর্ব থেকে যুক্ত ছিলেন দীর্ঘদিন। ‘আমাদের সময়’, ‘আমাদের অর্থনীতি’ হয়ে বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক পদে দীর্ঘদিন কাজ করেন। সর্বশেষ ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক। তিনি নিউজপোর্টাল
পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাতা। ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরের হাছননগরে তার জন্ম। তাঁর বাবার নাম মোহাম্মদ রইছ আলী পীর ও মা সৈয়দা রাহিমা খানম।
–মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ










