নড়াইলে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করায় উপজেলা ও পৌর বিএনপির ৬ নেতা বহিষ্কার

নড়াইল জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) মো. মনিরুল ইসলামকে সমর্থন করায় নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা এবং পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু এবং লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলার উল্লিখিত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ড. ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণঅধিকার পরিষদের নুর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শোয়েব আলী (ছড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম (কলস) ও ফরিদা ইয়াসমিন (জাহাজ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাজিম উদ্দিন,নড়াইল প্রতিনিধি।