সালাহউদ্দিনের জনসভায় দুই ‘খুদে খালেদা জিয়া’, ধানের শীষে ভোট চেয়ে আলোড়ন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির নির্বাচনী জনসভায় দুই স্কুলছাত্রী ‘খুদে খালেদা জিয়া’ সেজে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গোলাপি রঙের শাড়ি আর চোখে কালো চশমা পরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবয়বে তাদের দেওয়া বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন স্টেশনে মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় এই ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

মঞ্চে ‘খুদে খালেদা জিয়া’দের আবেগঘন বক্তব্য
মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাসরিন নাজেম বীথি মাইক্রোফোন হাতে বলে, “কে বলেছে খালেদা জিয়া নেই? খালেদা জিয়া আছে সারা বাংলায়।”

ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাফা মারওয়া জান্নাত মঞ্চে উঠে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদের হাত তুলে ধরে খালেদা জিয়ার অনুকরণে জনতার উদ্দেশে বলে, “আমার ছেলে সালাহউদ্দিনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তো?”

তাদের এই আহ্বানে সমবেত নারী-পুরুষ হাত তুলে সমর্থন জানান। এলাকাবাসী কিশোরীদের এই সাহসী পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন।

সালাহউদ্দিন আহমদের প্রতিক্রিয়া
জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রার্থী সালাহউদ্দিন আহমদ আবেগাপ্লুত হয়ে বলেন, “সত্যিই বেগম খালেদা জিয়া আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন, আদর করতেন। উনার ছেলে মনে করতেন—এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় এবং মৃত্যুর পরও সর্বোচ্চ সম্মান পেয়েছেন। তাদের জানাজায় মানুষের উপস্থিতির রেকর্ড সৃষ্টি হয়েছে। এখন সব মেয়েরাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো হতে চায়, যা আমাদের জন্য অহংকারের বিষয়।”

Asraful