ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮, যান চলাচল ব্যাহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও ফলবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পদ্মা সেতুর দিকে যাওয়ার সময় একটি ফলবোঝাই ট্রাককে পেছন থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে উল্টে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। এছাড়া বাসের আরও পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া হাইওয়ে পুলিশের সহযোগিতায় উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

-এমইউএম