আলোকসজ্জা করে প্রচার: মিরসরাইয়ে জামায়াত সমর্থককে জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আলোকসজ্জা ব্যবহারের দায়ে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে মিরসরাই পৌরসদরে এই অভিযান চালানো হয়।

ঘটনার বিবরণ
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিরসরাই পৌরসদরের ফুটওভার ব্রিজে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে প্রতীকী আলোকসজ্জা করা হয়েছিল, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই অভিযোগে স্থানীয় দোকান মালিক ও জামায়াত সমর্থক দেলোয়ার হোসেন মাসুদকে আটক করা হয়।

পরে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর বিধি ১৩ (গ) ভঙ্গের দায়ে বিধি ২৭ (ক) অনুযায়ী তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমানের সমর্থক।

প্রশাসনের বক্তব্য
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। তিনি বলেন, “নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহার নিষিদ্ধ। এই নিয়ম অমান্য করায় এক সমর্থককে জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে স্থাপন করা আলোকসজ্জা তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”

Asraful