‘জামায়াত একটি প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী দল’: দ্য উইককে ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি ‘প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল’ হিসেবে অভিহিত করে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সবসময় গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতিতে বিশ্বাস করে এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে ক্রমাগত নিজেদের নীতি পরিমার্জন করে।

ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন ‘দ্য উইক’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ম্যাগাজিনটির আগামী রোববারের সংখ্যায় সাক্ষাৎকারটি প্রকাশিত হবে।

নির্বাচনী রাজনীতি থেকে শিক্ষা
প্রথাগত নির্বাচনী রাজনীতির বাইরে কাটানো বছরগুলো থেকে জামায়াত কী শিক্ষা নিয়েছে—এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনী রাজনীতির বাইরে থাকলেও জামায়াত কখনও গণতান্ত্রিক কার্যক্রম থেকে সরে আসেনি। এই বছরগুলো আমাদের শিখিয়েছে, গণতন্ত্র যখন হুমকির মুখে থাকে, তখন সকল গণতান্ত্রিক শক্তির ঐক্য কতটা জরুরি। এই সময়ে আমরা আমাদের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করেছি এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ গভীর করেছি।”

তরুণ প্রজন্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা
তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ দুর্নীতি ও অপশাসনের বিকল্প হিসেবে জামায়াতের সুশৃঙ্খল কাঠামোর প্রতি আগ্রহী হচ্ছে। জামায়াত এখন শুধু একটি আদর্শিক দল নয়, বরং কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের অংশীদার করে দেশ গড়ার পরিকল্পনা করছে।

জোটের রাজনীতি ও জাতীয় সরকার
জামায়াত আমির জানান, তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং ইতিমধ্যেই ১০টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছেন। বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে ‘গঠনমূলক সহযোগিতা’ ও ‘জাতীয় সরকার’ গঠনের বিষয়ে তারা ইতিবাচক।

সংখ্যালঘু ও নারী প্রসঙ্গ
সংখ্যালঘু ও নারীদের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি নিয়ে সমালোচনার জবাবে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সকল নাগরিকের সমান অধিকার ও মানবিক মর্যাদায় বিশ্বাসী। প্রমাণ হিসেবে তিনি হিন্দু প্রার্থী মনোনয়নের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, জোটগত সমীকরণের কারণে এবার নারী প্রার্থী দেওয়া সম্ভব না হলেও জোটের অন্য নারী প্রার্থীদের জামায়াত সব ধরনের সমর্থন দিচ্ছে।

অতীতের জন্য ক্ষমাপ্রার্থনা
সাক্ষাৎকারের এক পর্যায়ে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত যদি কোনো জামায়াত সদস্যের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তবে তার জন্য তিনি ব্যক্তিগতভাবে ক্ষমাপ্রার্থী।

Asraful