ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে ইসিতে, নতুন নির্দেশনা জারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো সকল প্রকার নির্বাচনী প্রচারণার হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে হবে। ফেসবুক ‘বুস্টিং’ থেকে শুরু করে যেকোনো ডিজিটাল প্রচারণার ব্যয়কেও প্রার্থীর নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হবে।

বুধবার (২১ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সংক্রান্ত একটি চিঠি দেশের সকল রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে।

নির্দেশনায় যা বলা হয়েছে
চিঠিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর ক্ষেত্রে কয়েকটি নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে:

১. অ্যাকাউন্টের তথ্য প্রদান: প্রার্থী বা তার এজেন্টকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরুর আগেই তাদের ব্যবহৃত অ্যাকাউন্টের নাম, আইডি ও অন্যান্য শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।

২. ব্যয়ের হিসাব দাখিল: সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন বিষয়ক কোনো কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন প্রদান, বুস্টিং বা স্পন্সরশিপসহ সকল প্রচারণার ব্যয়কে প্রার্থীর সামগ্রিক নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনে দাখিল করতে হবে।

তদারকি জোরদার
চিঠিতে রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন, সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা দ্রুত ইসি সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠাতে হবে।

নির্বাচনী প্রচারণায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Asraful