নারায়ণগঞ্জের চিটাগাং রোড ট্রাক স্টেশন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা নৈতিকতার ভিত্তিতে পরিচালিত হবে, যাতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সমন্বিত শিক্ষার আলোকে দক্ষ হয়ে জাতিকে পরিচালনা করতে সক্ষম হয়। তিনি বলেন, শিক্ষার্থীরা সততা ও যোগ্যতার মাধ্যমে জাতিকে পরিচালনা করবে, উৎপাদন, ব্যাংকিং, অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে এবং বাংলাদেশের পতাকাকে বিশ্বের বুকে সমুন্নত রাখবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আরও জানান, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত পলিটিক্যাল সামিটে আন্তর্জাতিক কূটনীতিক, রাষ্ট্রদূত ও অর্থনীতিবিদরা জামায়াতের পরিকল্পনা দেখে প্রশংসা করেছেন। তিনি বলেন, বিগত সরকারের অনেক প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, মানুষ আর এসব গ্রহণ করবে না। তাই জনগণকে নতুন নেতৃত্বের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকা উচিত।
সভায় সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, শেরপুরে এক ভাই শহীদ হয়েছে এবং জুলাই আন্দোলনে অসংখ্য ভাই শহীদ হয়েছে। তিনি বলেন, আমরা আর কোনো ফ্যাসিবাদী শাসন চাই না। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা রোধ করতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। মাওলানা আব্দুল জব্বার আরও বলেন, নারায়ণগঞ্জে কোনো দলকে সন্ত্রাসী নগরী হিসেবে গড়ে তুলতে দেওয়া হবে না এবং নারী স্বাধীনতার নামে অবৈধ হস্তক্ষেপ রোধ করার জন্য ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে অন্যায় করবেন না, নচেৎ জনগণ কাউকে ছাড় দেবে না।
নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) মোঃ আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ–২ (আড়াইহাজার) অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ) ড. ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা–সিদ্ধিরগঞ্জ) এডভোকেট আলামিন এবং নারায়ণগঞ্জ–৫ (বন্দর) এবিএম সিরাজুল মামুন।
সভায় বক্তারা দেশের দুর্নীতি, দুঃশাসন ও স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নির্বাচনী প্রার্থীদের বিজয়ী করে নারায়ণগঞ্জে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য প্রকাশ করা হয়েছে।
নজরুল ইসলাম বাদল,রূপগঞ্জ










