অতিরিক্ত গণমাধ্যম নজরদারি বিতর্কে বিরক্ত ম্যাককালাম

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে ঘিরে নাইটক্লাব সংক্রান্ত ঘটনায় চলমান আলোচনা ও অতিরিক্ত গণমাধ্যম নজরদারিতে বিরক্তি প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। একই সঙ্গে সাদা বলের অধিনায়ক হিসেবে ব্রুকের নেতৃত্বগুণ ও ক্রিকেটীয় বুদ্ধিমত্তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।

সিরিজ শেষে সংবাদমাধ্যমে ম্যাককালাম বলেন, হ্যারি ব্রুককে ঘিরে উদ্ভূত বিষয়টি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অভ্যন্তরীণভাবেই নিষ্পত্তি করেছে। প্রতিটি ঘটনায় সব তদন্ত ও প্রক্রিয়া জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

ম্যাককালামের ভাষায়, “কিছু ঘটলেই আমাদের প্রতিবার সব অনুসন্ধান মিডিয়ার কাছে প্রকাশ করতে হবে—আমি তা মনে করি না। ইসিবির ভেতরেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এবং সেখানে আমরা সবাই যুক্ত ছিলাম। খেলোয়াড়দের পরিষ্কার করে জানানো হয়েছে, আমরা বিষয়টি কীভাবে দেখছি। এখন তাদের সমর্থন দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, ওয়েলিংটনে এক রাত বাইরে কাটানোকে কেন্দ্র করে হ্যারি ব্রুকের পাশাপাশি জশ টং ও জ্যাকব বেথেলের নাম সামনে আসে। পরে তাদের জরিমানার খবর প্রকাশ হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ প্রসঙ্গে ম্যাককালাম বলেন, “সত্যি বলতে, বিষয়টি নিয়ে বারবার আলোচনা চলতে থাকায় আমি বেশ বিরক্ত। তারা তরুণ খেলোয়াড় এবং সব সময় প্রচণ্ড চাপের মধ্যে থাকে। তারা ভুলের দায় নিয়েছে, শাস্তিও পেয়েছে। এরপরও তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা কারও জন্যই সহায়ক নয়।”

ম্যাককালাম জানান, ঘটনার পরদিন ওয়েলিংটনে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচ চলাকালে প্রথম তিনি পুরো বিষয়টি জানতে পারেন। সে সময় সংশ্লিষ্ট খেলোয়াড়রা ছিলেন ভীষণ বিব্রত। তার মতে, দলের ভেতরে গড়ে ওঠা পারস্পরিক বিশ্বাস ও সম্পর্কের কারণেই ব্রুক ও তার সতীর্থরা এগিয়ে এসে বিষয়টি স্বীকার করেছেন।

-এমইউএম