সরকার মরক্কো, সৌদি আরব ও কাফকো থেকে সার কিনবে

সরকার মরক্কো, সৌদি আরব এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে মোট ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে। এর মধ্যে রয়েছে ৮০ হাজার টন ডিএপি সার, ৭০ হাজার টন ইউরিয়া এবং ৬০ হাজার টন টিএসপি সার। সার কেনার জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১,৩৭০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৯৭৫ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সার কেনার অনুমোদন দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। এই সার আনতে ব্যয় হবে ৩১৯ কোটি ৫১ লাখ ৮ হাজার টাকা, প্রতি মেট্রিক টনের দাম ৬৫১ মার্কিন ডলার।

মরক্কো থেকে আরও ৩০ হাজার টিএসপি সার এবং আরও ৩০ হাজার টিএসপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য মোট ব্যয় হবে ৩৬৯ কোটি ৭ লাখ ৯৬ হাজার ৭৬০ টাকা।

সৌদি আরবের মা’আদেন এবং বিএডিসি’র চুক্তির আওতায় ২০২৬ সালের প্রথম লটে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এই সারের জন্য ব্যয় ধরা হয়েছে ৩২৩ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা, প্রতি মেট্রিক টনের দাম ৬৬০ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২০৫ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৬৪০ টাকা, প্রতি টনের দাম ৪১৮ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এছাড়া কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় ১৫৩ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৮৭৫ টাকা, প্রতি মেট্রিক টন সারের দাম ৪১৫ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।

-আফরিনা সুলতানা