পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর টানা তিন দিনের অভিযানে ভারত সমর্থিত বলে অভিযুক্ত ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে সংশ্লিষ্ট ১৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানের সময় পাকিস্তান সেনাবাহিনীর ২২ জন সদস্য প্রাণ হারান। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ২১৯ জনে।
নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়, প্রদেশজুড়ে সমন্বিত সন্ত্রাসী হামলার পর এই অভিযান শুরু করা হয়। বেলুচিস্তানের অন্তত ১২টি শহরে একযোগে হামলা চালানো হলে জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। দেশ রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গত তিন দিনে ২২ জন সেনা শহীদ হন।
এর আগে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশটির বিভিন্ন এলাকায় প্রায় এক ডজন স্থাপনায় হামলা চালায়। এসব হামলায় ১৭ জন নিরাপত্তা সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন।
সাম্প্রতিক সময়ে বিএলএ তাদের সহিংস তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে বেলুচিস্তানে কর্মরত অন্য প্রদেশের পাকিস্তানি নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানির স্থাপনাগুলো তাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এর আগেও বড় ধরনের সহিংস ঘটনার নজির রয়েছে। এক ঘটনায় বিচ্ছিন্নতাবাদীরা প্রায় ৪৫০ যাত্রী বহনকারী একটি ট্রেনে হামলা চালায়, যা টানা দুই দিনের রক্তক্ষয়ী অবরোধে রূপ নেয়।










