ইউক্রেন যুদ্ধ থামাতে আবুধাবিতে শান্তি আলোচনা চলার মধ্যেই নিজেদের সামরিক শক্তি আরও জোরদারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
যুদ্ধ পরিচালনা অব্যাহত রাখতে চলতি বছরে রুশ সেনাবাহিনীর জন্য তিন লাখ ১০ হাজারের বেশি সামরিক সরঞ্জাম এবং দুই কোটি ১০ লাখ আধুনিক যুদ্ধাস্ত্র সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) অস্ত্র, সামরিক ও বিশেষ সরঞ্জাম উৎপাদন এবং সরবরাহ বিষয়ক এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এ ঘোষণা দেন।
তিনি জানান, জানুয়ারি মাসেই রুশ সেনাদের জন্য প্রায় ২০ লাখ যুদ্ধাস্ত্র এবং ১০ হাজারের বেশি সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে।
এদিকে চার বছর ধরে চলা যুদ্ধের অবসান কীভাবে সম্ভব, সে বিষয়ে আলোচনা এগিয়ে নিতে আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আজ একত্রিত হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত এই যুদ্ধের অবসানে উভয় পক্ষের মধ্যে একাধিক দফা কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলেও সেগুলো সফল হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরু হয়েছিল।










