ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসব শেষে ফেরার সময় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে।
মঙ্গলবার দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় বাসটি দুর্ঘটনার শিকার হয়। একটি বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যানটি উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী সড়কে ছিটকে পড়েন এবং অন্যরা উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়েন।
আলাগোয়াসের আঞ্চলিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ৭ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাটিকে ‘অত্যন্ত জটিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ব্রাজিলের গণমাধ্যমের তথ্যে বলা হয়, বাসটি আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। এই ধর্মীয় অনুষ্ঠানটি প্রতিবছর ২ ফেব্রুয়ারি সেয়ারা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো ভক্ত অংশ নেন।
আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো জানান, একটি বাঁকে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এ সময় কিছু যাত্রী বাইরে ছিটকে পড়েন এবং অনেকে বাসের নিচে আটকে যান। তিনি ঘটনাটিকে ভয়াবহ ও ব্যতিক্রমধর্মী দুর্ঘটনা বলে বর্ণনা করেন।
দুর্ঘটনায় জীবিতদের মধ্যে একজন শিশু গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য যাত্রীরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আলাগোয়াসের গভর্নর পাউলো দান্তাস নিহতদের প্রতি শোক প্রকাশ করে অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
ব্রাজিলে সড়ক দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলের পেরনামবুকো অঙ্গরাজ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়লে ১৭ জন নিহত হয়। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।










