বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে শেভেনিং ও কমনওয়েলথ স্কলাররা: সারাহ কুক

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে দেশে ফেরা শেভেনিং ও কমনওয়েলথ স্কলাররা আগামী দিনে বাংলাদেশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে নবীন স্কলারদের সম্মানে আয়োজিত এক ‘ওয়েলকাম হোম রিসেপশন’ বা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সারাহ কুক বলেন, “এই স্কলারশিপ কর্মসূচি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার গভীর সম্পর্কের একটি অনন্য প্রতিফলন। যুক্তরাজ্যের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই মেধাবী স্কলাররা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক পরিবর্তন আনবেন।”
এবারের আয়োজনে মোট ৪০ জন কমনওয়েলথ এবং ২২ জন শেভেনিং গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এই মেধাবীরা যুক্তরাজ্যের অর্থায়নে পূর্ণাঙ্গ স্কলারশিপ নিয়ে তাদের শিক্ষা সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, স্কলারদের এই একাডেমিক সাফল্য বাংলাদেশের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় সক্ষমতা তৈরি করেছে।
অনুষ্ঠানে নবীন স্কলারদের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ স্কলার্স অ্যান্ড ফেলোজ (BACSAF) এবং শেভেনিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত প্রবীণ অ্যালামনাইরাও অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
লামিয়া আক্তার