মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কামার দিঘির পাড় থেকে বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসামুখি রাস্তাটির এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
দীর্ঘ কয়েক বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় এই কাঁচা রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী।সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যাওয়া এই পথে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েক গ্রামের হাজারো মানুষ।
সরেজমিনে গত ৩১ জানুয়ারী, শনিবার দুপুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।বৃষ্টির সময় রাস্তাটি কর্দমাক্ত হয়ে পিচ্ছিল হয়ে পড়ায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
বিশেষ করে বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার শত শত কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ বর্ষাকালে কাদার ভয়ে অনেক শিক্ষার্থী সময়মতো মাদ্রাসায় পৌঁছাতে পারে না, আবার অনেককে কাদা মেখেই ক্লাসে বসতে হয়।স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের পর আর কেউ খোঁজ নেন না।কোনো মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য এই পথে যানবাহন প্রবেশ করতে পারে না।ফলে কাঁধে করে বা খাটিয়ায় করে রোগীকে মূল সড়কে নিয়ে যেতে হয়।
বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, আধুনিক যুগে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথ এমন আদিম অবস্থায় থাকা অত্যন্ত দুঃখজনক।এই সমস্যার সমাধানে এবং এলাকাবাসীর কষ্ট লাঘবে রাস্তাটি দ্রুত আরসিসি বা পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।