নারীদের নিয়ে বিরূপ মন্তব্য কলঙ্কজনক, খুলনায় তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর শিল্পনগরী খুলনার জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দলের কড়া সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কর্মজীবী নারীদের নিয়ে ওই দলের সাম্প্রতিক এক মন্তব্যকে ‘কলঙ্কজনক’ হিসেবে অভিহিত করে তিনি প্রশ্ন তুলেছেন, তারা কেন দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়।
সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। ২২ বছর পর প্রিয় নেতাকে সামনে পেয়ে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক করতালির মাধ্যমে তাকে বরণ করে নেন। তারেক রহমানও হাত নেড়ে জনতাকে শুভেচ্ছা জানান। মঞ্চে ওঠার পর তিনি প্রায় ২৭ মিনিট দেশ ও রাজনীতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
কারও নাম উল্লেখ না করে তারেক রহমান তার বক্তব্যে বলেন, “আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের নেতা দুদিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যে সকল মহিলা, যে সকল মা-বোনেরা কর্মসংস্থানের জন্য বাইরে যান, তাদের জন্য এমন একটি শব্দ ব্যবহার করেছেন যা এদেশের জন্য কলঙ্কস্বরূপ। আপনাদের সামনে সেই শব্দটি বলতেও আমার লজ্জা হচ্ছে।”
তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দল বাংলাদেশের এই বিশাল নারী গোষ্ঠীকে কীভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, তাদের এই মন্তব্যে সেটাই ফুটে উঠেছে। এটি কেবল মা-বোনদের অবমাননা নয়, বরং পুরো জাতির জন্য লজ্জাজনক।”
নির্বাচনী জনসভায় তারেক রহমান তার বক্তব্যে দেশের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে নারীরা আজ ঘর থেকে বেরিয়ে কাজ করছেন, সেখানে তাদের নিয়ে এ ধরনের নেতিবাচক মানসিকতা আধুনিক যুগে অচল।
খালিশপুরের এই মাঠ এবং সংলগ্ন এলাকা সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে। নেতা-কর্মীদের ঢল সামলাতে পুলিশকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা যায়। জনসভা শেষে বেলা ১টায় তিনি হেলিকপ্টারযোগে যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন।
লামিয়া আক্তার