বগুড়া-২ শিবগঞ্জ আসনে মীর শাহে আলমের পক্ষে অনন্তবালা গ্রামে উঠান বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) নির্বাচনী এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়া-২ শিবগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর শাহে আলমকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অনন্তবালা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার ফখরুদ্দিন। বৈঠকে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে গ্রামের নারী ও পুরুষ ভোটাররা অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে শফিকুল ইসলাম শাহীন বলেন, “বিএনপি করার অপরাধে গত ১৭ বছর আমরা ঠিকমতো বাড়িতে থাকতে পারিনি। ফ্যাসিস্ট হাসিনা বাহিনী একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে। শিবগঞ্জে বিএনপির গোড়াপত্তন আমরাই করেছি। অথচ বিএনপি করি বলেই আমাদের গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমরা দীর্ঘদিন অবহেলিত। এখন উন্নয়নের সুযোগ এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনন্তবালা গ্রাম থেকে বিপুল ভোটে মীর শাহে আলমকে বিজয়ী করব, ইনশাআল্লাহ।”

এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব ছাইফুজ্জামান চুন্নু, মহাস্থানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম রব্বানী পুটু, ইউপি সদস্য ফারুক হোসেন, জহুরুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড প্রদান এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতার প্রতিশ্রুতির বিষয় তুলে ধরেন। পাশাপাশি ভোটারদের ফজরের নামাজ আদায় করে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন বক্তারা। উঠান বৈঠক শেষে অনন্তবালা গ্রামে একটি বিশাল মিছিল বের করা হয়, যা গ্রাম প্রদক্ষিণ করে।

গোলাম রব্বানী শিপন, মহাস্থানগড়/