কক্সবাজারে এক মাসে ৬১ যৌথ অভিযান, গ্রেপ্তার ৮০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার অঞ্চলে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গত এক মাসে ৬১টি যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশন। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র, গুলি, মাদক, জাল নোটসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে রামু ১০ পদাতিক ডিভিশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত টহল ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর উদ্দেশ্য সন্ত্রাসী ও অপরাধমূলক তৎপরতা দমন, গুজব ও সহিংসতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করা।

তিনি জানান, ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারি ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি ও ৯৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ড্রোন, একটি ওয়াকিটকি এবং প্রায় ১৩ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। মাদকের মধ্যে উদ্ধার হয়েছে ৬ হাজার ২০১টি ইয়াবা, ৫৪১ লিটার দেশীয় মদ, ২৩ লিটার বিয়ার ও ৬ কেজি গাঁজা।

লে. কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর আরও বলেন, যৌথ অভিযানের ফলে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে বিজিবির রামু সেক্টরের মেজর নাজমুস সাকিব, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি মো. ফারুক, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ারসহ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-সাইমুন