ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার এবং বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) আয়োজনে শুরু হয়েছে বাংলা সিনেমার অন্যতম বৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’-এর ২৪তম আসর।
মঙ্গলবার বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মাঠে উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী রবিবার পর্যন্ত টিএসসি প্রাঙ্গণে চলবে এবারের আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেখক ও চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র আন্দোলনের অগ্রপথিক মইনুদ্দিন খালিদ।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুমন্ত সরকার অর্পণ বলেন, যান্ত্রিক নগরজীবনে সম্মিলিতভাবে সিনেমা দেখার সংস্কৃতি দিন দিন কমে যাচ্ছে। সামাজিক শিল্পমাধ্যম হিসেবে চলচ্চিত্রকে একসঙ্গে উপভোগ করার যে আবেদন, সেটিকে ফিরিয়ে আনতেই টিএসসির বড় পর্দায় হল সংস্কৃতিকে পুনর্জীবিত করার চেষ্টা করা হচ্ছে।
সংগঠনটির সভাপতি রেহনুমা শাহরীন বলেন, এবারের ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’ দর্শকদের বাংলা চলচ্চিত্রের শেকড়ের খুব কাছাকাছি নিয়ে যাবে। এখানে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা যেমন উঠে আসবে, তেমনি রোমাঞ্চ ও জীবনবোধও ধরা দেবে একই পর্দায়। তিনি জানান, উৎসবের প্রতিটি প্রদর্শনীর টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা, যাতে শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ মানুষ সবাই এই আয়োজনে অংশ নিতে পারেন।
আয়োজকেরা জানান, এবারের উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন চারটি স্লটে সিনেমা দেখানো হবে—সকাল ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আহমেদ হাসান সানি পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক পর্দা ওঠে।
৪ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, শরাফ আহমেদের ‘চক্কর ৩০২’ এবং রায়হান রাফীর ‘তাণ্ডব’। ৫ ফেব্রুয়ারি দেখানো হবে সালাউদ্দিনের ‘রূপবান’, সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, পিপলু খানের ‘জয়া আর শারমিন’ ও মনিরুল হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
৬ ফেব্রুয়ারি প্রদর্শনীতে রয়েছে হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’, তোজাম্মেল হকের ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’, মিঠু খানের ‘নীলচক্র’ এবং কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’। ৭ ফেব্রুয়ারি দেখানো হবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ও তানিম নূরের ‘উৎসব’।
সমাপনী দিন ৮ ফেব্রুয়ারি সকালে প্রদর্শিত হবে বেলাল আহমেদের ‘নয়নের আলো’ ও কাজী হায়াতের ‘ধর’। বেলা সাড়ে তিনটায় দেখানো হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ এবং উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’। কলকাতার জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উদ্বোধনী দিনেই প্রায় চার শতাধিক টিকিট বিক্রি হয়েছে।
-সাইমুন










