মানুষ কত পাষাণ!

ঘটনাটি ভারতের। দেশটির রাজধানী নয়াদিল্লিতে এক ব্যক্তি হার্ট অ্যাটাক করে তীব্র কষ্টে রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন। গভীর রাত হওয়ায় আশপাশে কোনও মানুষও ছিল না। ওই সময় স্কুটারে করে দু’জন ব্যক্তি এলেও তারা তাকে সহায়তা করেননি। বরং তারা রাস্তায় পড়ে থাকা ব্যক্তির মোবাইল ফোন নিয়ে যান। শুধু ফোন নিয়েই ক্ষান্ত হননি, তার পকেটও হাতিয়েছেন কোনও অর্থকড়ি পাওয়া যায় কি না, এমন আশায়।

সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনা। এতে দেখা গেছে, ভোর রাত ৪টার দিকে এক ব্যক্তি তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। ওই সময় তার শরীরও আর চলছিল না। তবে তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন। তখন তার তীব্র খিঁচুনি হচ্ছিল।

এরপর সকাল ৮টার দিকে অন্যান্য মানুষ খেয়াল করেন এক ব্যক্তি উপুড় হয়ে পড়ে আছেন। প্রথমে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তারা পুলিশকে খবর দেন। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। এরপর পুলিশ বডি ব্যাগে করে তার মরদেহ নিয়ে যায়।

মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে পুলিশ ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

-সাইমুন