জিএসইএ বাংলাদেশ শিক্ষার্থী উদ্যোক্তা প্রতিযোগিতায় খুবি শিক্ষার্থী চ্যাম্পিয়ন

এন্টারপ্রেনার্স’ অর্গানাইজেশন (ইও) বাংলাদেশ আয়োজিত গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস (জিএসইএ) বাংলাদেশ ২০২৫–২৬-এর চ্যাম্পিয়ন হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রেজওয়ানুল ইসলাম শুভ। তাঁর উদ্যোগ ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’ লবণাক্ততার বিরুদ্ধে সহনশীলতা গড়ে তোলা এবং প্রকৃতিনির্ভর, জলবায়ু-বুদ্ধিমান ভাসমান কৃষি ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে রানার-আপ হিসেবে নির্বাচিত হয়েছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (বিবিএ) শিক্ষার্থী কাজী আহম্মেদ ইনকিয়াদ, তাঁর উদ্যোগ পলিজুট লিমটেড পাটের সেলুলোজ থেকে তৈরি জৈব-অবক্ষয়যোগ্য প্যাকেজিং সমাধান উৎপাদন করছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্ট্র্যাটেজিক পার্টনার আইডয়া-এর সহযোগিতায়, সিটি ব্যাংকের উপস্থাপনায় এবং সারা লাইফস্টাইলের  গোল্ড স্পন্সরশিপ সহায়তায় ঢাকায় ১০ম জিএসইএ বাংলাদেশের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ইও বাংলাদেশ এই সংস্করণের জন্য মোট পুরস্কারের পরিমাণ ১০ লাথ টাকা ঘোষণা করে। জাতীয় চ্যাম্পিয়ন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে গ্লোবাল জিএসইএ ফাইনালে অংশগ্রহণ করবে, যেখানে পুরস্কার মূল্য ১ লাখ মার্কিন ডলার

অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্রাগন গ্রুপের এমডি এবং  ইও বাংলাদেশের চেয়ার মোস্তাফা কামরুস সোবহান এবং র্যাং গস মোটরসের এমডি ও ইও বাংলাদেশের প্রেসিডেন্ট সোহানা রউফ চৌধুরী।  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইডয়ার প্রকল্প পরিচালক মুর্তুজা জুলকার নাইন নোমান। বিচারক প্যানেলে ছিলেন ইও বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও আনোয়ার গ্রুপের এমডি হোসেন খালেদ, নিট এশিয়ার  পরিচালক আমের সেলিম, অ্যাপেক্স প্রপার্টির পরিচালক কিম্বারলি হান্না কাজী প্রমুখ।

-সাইমুন