আমতলীতে ৩ হাজার কৃষকের মুখে হাসি

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের জীনবুনিয়া নামের একটি খাল পুন:খননের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা ১১ টায় খাল খননের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বিএডিসি বরগুনার সেচ বিভাগ এখালটি পুন:খননের উদ্যোগ নেয়।

জানা গেছে, আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের জীনবুনিয়া খালটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রায় ৩ হাজার কৃষক শুকনো মৌসুমে পানির অভাবে বোরোধানসহ বিভিন্ন ধরনের রবি ফসল চাষাবাদ করতে পারত না। স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বরগুনার সেচ বিভাগ স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট(এসএসিপি)প্রকল্পের আওতায় ৩৩ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে ২ কিলোমিটার দৈর্ঘ্যরে খালটি পুন:খননের উদ্যোগ নেয়।

রবিবার সকাল ১১ টায় খালটি পুন:খননের উদ্বোধন করেন প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৗধুরী। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি বরগুনার সহকারী প্রকৌশলী মো.ইয়াকুব আলী, আমতলীর উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম প্রমুখ। সভায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

এলাকার কৃষক মো.জসিম দুয়ারী বলেন, পানির অভাবে আমাদের এলাকার শতশত একর জমিতে আমরা শুকনা মৌসুমে চাষাবাদ করতে পারতাম না এখন আমরা এই খালের পানি দিয়ে সকল ধরনের চাষাবাদ করতে পারবো। উপকৃত হবে এলাকার বসবাসরত কৃষকরা।

-সাইমুন