শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার গ্রেফতার ব্যক্তিদের রিমান্ড মঞ্জু করেন।
সোমবার ৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন মল্লিক আদালতে গ্রেফতার হওয়া সোহাগ খান, রাব্বি মোল্যা ও পলাশ সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন আসামির প্রত্যেকের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শরীয়তপুর আদালত পুলিশের এসআই শাহাবুদ্দিন মুন্সী বলেন, “রোববার রাতে মামলার তদন্ত কর্মকর্তা স্বপন মল্লিক তিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। আজ শুনানি শেষে আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডামুড্যা থানায় নেওয়া হয়।”
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, আসামিদের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আজ ও আগামীকাল তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর তাদের আবার আদালতে নেওয়া হবে।
উল্লেখ্য, খোকন চন্দ্র দাস শরীয়তপুরের ডামুড্যা উপজেলার তিলই গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। তিলই বাজারে তার ওষুধ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকান ছিল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও তার গায়ে পেট্রল জাতীয় তরল পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সানা










